• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
AtiqIt

AtiqIt

বাংলা ট্রাভেল ব্লগ

ঢাকা

ঢাকা বিভাগ

April 14, 2026 by আতিকুর রহমান

ঢাকা বিভাগ (Dhaka Division) বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্যতম এবং এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অঞ্চল। এটি ঐতিহাসিক নিদর্শন, আধুনিক স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত।

এই বিভাগের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ঢাকার লালবাগ কেল্লা, সোনারগাঁয়ের পানাম নগর, মানা বে ওয়াটার পার্ক, জাতীয় চিড়িয়াখানা এবং মাওয়া পদ্মা সেতু। এছাড়া এখানকার নদীবিধৌত প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী খাবার ভ্রমণপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে।

সব মিলিয়ে ঢাকা বিভাগ তার সমৃদ্ধ ইতিহাস, আধুনিক জীবনযাত্রা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে একটি অনন্য গন্তব্য।

বিষয় তথ্য
প্রতিষ্ঠিত ১৮২৯
সদরদপ্তর Dhaka
আয়তন ২০,৫৩৯ বর্গকিমি
জনঘনত্ব ২,২০০ / বর্গকিমি
জেলা ১৩টি
উপজেলা ১২৩টি
পৌরসভা ৫৮টি
সিটি কর্পোরেশন ৪টি
বিখ্যাত খাবার Biryani
বিখ্যাত ব্যক্তি Nawab Salimullah
বিখ্যাত স্থান Lalbagh Fort
বিখ্যাত মসজিদ Baitul Mukarram

ঢাকা বিভাগের ভ্রমণ নিয়ে প্রশ্ন-উত্তর

ঢাকা বিভাগ কোথায় অবস্থিত?

ঢাকা বিভাগ দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।

ঢাকার বিখ্যাত স্থান গুলো কি কি?

ঢাকা বিভাগের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে ঢাকার লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন, পানাম নগর, মানা বে ওয়াটার পার্ক, বালিয়াটি জমিদার বাড়ি, মুন্সীগঞ্জের পদ্মা সেতু এবং টাঙ্গাইলের মধুপুর বন অন্যতম।

ঢাকা বিভাগে কোন উপজাতি বসবাস করে?

ঢাকা বিভাগে গারো এবং কোচ সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করে, বিশেষত ময়মনসিংহ ও নেত্রকোনার পার্বত্য এলাকায়।

এই বিভাগের ঐতিহ্যবাহী পোশাক কি?

ঢাকা বিভাগে সাধারণত শাড়ি এবং পাঞ্জাবি জনপ্রিয়। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের নারীরা গারোদের ঐতিহ্যবাহী পোশাক ‘ডোকমন্ডি’ পরেন।

ঢাকার বিখ্যাত খাবার কি?

ঢাকার বিখ্যাত খাবারগুলোর মধ্যে ঢাকার বিরিয়ানি, বাখরখানি, মুন্সীগঞ্জের মালাই চপ, মধুপুরের মধু এবং নারায়ণগঞ্জের রসগোল্লা উল্লেখযোগ্য।

ঢাকা ভ্রমণের জন্য সেরা সময় কোনটি?

নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল ঢাকা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। এ সময় আবহাওয়া শীতল ও মনোরম থাকে।

পদ্মা সেতু কোথায় অবস্থিত এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

পদ্মা সেতু মুন্সীগঞ্জ এবং শরীয়তপুরকে সংযুক্ত করেছে। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য

বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা

April 14, 2026 by আতিকুর রহমান

ঢাকার ব্যস্ত শহরের মাঝেও এমন একটি স্থান রয়েছে, যেখানে প্রবেশ করলেই মনে হবে আপনি সময়ের গভীরে হারিয়ে গেছেন। সেই স্থানটি হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর (Bangladesh National Museum)। রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত এই জাদুঘর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং এটি বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দর্পণ।

বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা
বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা

এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সমকালীন ইতিহাস পর্যন্ত বিস্তৃত নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থী, গবেষক, ইতিহাসপ্রেমী কিংবা সাধারণ ভ্রমণকারী—সবাইকে সমানভাবে মুগ্ধ করে।

প্রতিষ্ঠা ও ইতিহাস

বাংলাদেশ জাতীয় জাদুঘরের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। ১৮৫৬ সালে “The Dhaka News” পত্রিকায় প্রথম এই অঞ্চলে একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব উঠে আসে।
অবশেষে ১৯১৩ সালের ২০ মার্চ ঢাকার তৎকালীন সচিবালয়ে “ঢাকা জাদুঘর” প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল।

১৯১৪ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম স্থায়ী কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন নলিনীকান্ত ভট্টশালী।

স্বাধীনতার পর ১৯৮৩ সালে জাদুঘরের নাম পরিবর্তন করে “বাংলাদেশ জাতীয় জাদুঘর” রাখা হয় এবং একই বছর শাহবাগে আধুনিক ভবনে স্থানান্তর করা হয়।

অবস্থান ও কাঠামো

বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। শাহবাগ মোড় থেকে জাদুঘরটি চোখে পড়ার মতো একটি বিশাল স্থাপনা, যার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে এটি শুধু সাংস্কৃতিক নয়, ভৌগোলিকভাবেও একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। ঢাকার যেকোনো স্থান থেকে সহজেই রিকশা, বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে এখানে পৌঁছানো যায়।

বর্তমান ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৮৩ সালে এবং ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চারতলা বিশিষ্ট ২০ হাজার বর্গমিটারের এই ভবনটির ৪৫টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। ভবনটির নকশা করেছিলেন দেশের খ্যাতিমান স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, যিনি তার আধুনিক নকশার জন্য পরিচিত।

ভবনের ভেতর তিনটি তলা জুড়ে রয়েছে ৪৫টি গ্যালারি, যেখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, শিল্পকলা, মুক্তিযুদ্ধ এবং প্রাকৃতিক ইতিহাসের অসংখ্য সংগ্রহ প্রদর্শিত হয়। প্রতিটি গ্যালারি আলাদা থিমে সাজানো, যা দর্শনার্থীদের সহজে বুঝতে ও উপভোগ করতে সাহায্য করে। ভবনের স্থাপত্যে আধুনিকতার ছাপ থাকলেও এর ভেতরের পরিবেশ অনেকটাই শান্ত ও শিক্ষণীয়। প্রশস্ত করিডর, বড় বড় প্রদর্শনী কক্ষ এবং আলোকসজ্জা এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং এক অনন্য শিক্ষালয় হিসেবে গড়ে তুলেছে।

কী কী দেখবেন?

জাতীয় জাদুঘরে প্রবেশ করলে সবার আগে চোখে পড়বে বিশাল প্রবেশ তোরণ। তোরণের ভেতর দিয়ে এগোলেই সামনে দাঁড়িয়ে থাকা মূল জাদুঘর ভবন, যা গাম্ভীর্য আর ঐতিহ্যের ছাপ বহন করে। ভবনের প্রবেশদ্বারের দু’পাশে রাখা দুটি সুসজ্জিত কামান যেন অতীতের সামরিক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে নান্দনিক নভেরা ভাস্কর্য, যা দর্শনার্থীদের স্বাগত জানায়।

মূল ভবনের নিচতলায় রয়েছে অফিস, হল রুম, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, শুভেচ্ছা স্মারক বিক্রির জন্য বিশেষ বিপণি এবং দর্শনার্থীদের সুবিধার্থে ব্যাগ রাখার স্থান বা লাগেজ কাউন্টার (তবে এটি মূল ভবনের বাইরে রাখা হয়েছে)।

এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে ওয়েটিং বা বিশ্রাম এর স্থান। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে প্রতিটি তলায় গ্যালারির নির্দেশক পাওয়া যায়, যা দেখে সহজেই বোঝা যায় কোথায় কি রয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি নির্দেশক

প্রথম তলা – প্রাকৃতিক ইতিহাস

নিচতলা (Ground Floor) থেকে সিঁড়ি বেয়ে প্রথম তলায় (1st Floor) প্রবেশ করলেই চোখে পড়বে বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের ম্যাপ এখানে জেলা অনুযায়ী দেয়া আছে। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ভাবে লাইট ইন্ডিগেটর রয়েছে। আপনার জেলার নাম বললে কর্তব্যরত আপনাকে সেই জেলার লাইট জ্বালিয়ে দেখাবে। এছাড়া দেয়ালে বিভিন্ন ম্যাপ দেখতে পাবেন।

এরপর বাংলাদেশের গ্রামীণ জীবনের চিত্র দেখা পাবেন এছাড়া রয়েছে, সুন্দরবন নিয়ে আলাদা একটি কক্ষ। এভাবে করে প্রতিটি রুমে রয়েছে দেশের প্রাণীজগৎ ও প্রাকৃতিক সম্পদের সংগ্রহ। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি, মাছ, পোকা-মাকড়, জীবাশ্ম এবং খনিজ পদার্থ। বড়দের পাশাপাশি শিশুদের জন্য দারুণ আকর্ষণীয় এই স্থান।

বিশেষ আকর্ষণ:

  • মানচিত্রে বাংলাদেশ
  • গ্রামীণ বাংলাদেশ
  • সুন্দরবন
  • শিলা ও খনিজ
  • বাংলাদেশের গাছপালা
  • ফুলফল লতা পাতা
  • জীবজন্তু
  • পাখি
  • বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণী
  • হাতি
  • বাংলাদেশের জনজীবন
  • বাংলাদেশের নৌকা
  • বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  • বাংলাদেশের মাটির পাত্র
  • প্রত্নতাত্ত্বিক নিদর্শন
  • ভাস্কর্য
  • স্থাপত্য
  • লেখমালা
  • মুদ্রা, পদক ও অলংকার
  • হাতির দাঁতের শিল্পকর্ম

দ্বিতীয় তলা – প্রত্নতাত্ত্বিক নিদর্শন

বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাস তুলে ধরা হয়েছে দ্বিতীয় তলায়। ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়সহ বিভিন্ন প্রত্নস্থল থেকে সংগৃহীত অসংখ্য নিদর্শন এখানে রাখা আছে।

বিশেষ আকর্ষণ:

  • বৌদ্ধ ভাস্কর্য ও প্রাচীন মূর্তি
  • টেরাকোটা ফলক
  • মৃৎপাত্র ও প্রাচীন মুদ্রা
  • সুলতানি আমলের শিলালিপি
  • কাঠের পালঙ্ক
  • ঢোল তবলা, বাদ্যযন্ত্র
  • পালকি
  • মুর্তি
  • পুতুল

বি:দ্র: ২য় তলায় দর্শনার্থীদের জন্য বিশ্রাম নেয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখানে রেস্ট নেয়ার পাশাপাশি বই পড়ার সুযোগ রয়েছে।

তৃতীয় তলা – মুক্তিযুদ্ধ গ্যালারি

এই তলাটি দর্শকদের সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে। এখানে রয়েছে বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত চিত্র, দলিল, অস্ত্রশস্ত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন সহ না না ইতিহাস। তৃতীয় তলা আপনি দেখতে পাবেন দেয়ালে টানানো মুক্তিযুদ্ধের বড় বড় ছবি। এছাড়া ছোট ছোট মনিটরে না না ধরনের স্মৃতি বিজড়িত ভিডিওর দেখা পাবেন।

মোদের গরব মোদের আশা, আমরি বাংলাভাষা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ। এই তলার প্রথমে মুক্তিযুদ্ধের কামান, দলিলপত্র দেখতে পাবেন। এছাড়া শহীদের রক্তমাখা পোশাক দেখতে পারেন। আবার সিঁড়ি বেয়ে উপরে উঠলে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিমানের ভগ্নাংশ ও অস্ত্র-শস্ত্র দেখতে পাবেন। উপরে দেখা শেষ করে নিচে নেমে হাতের ডান দিকে দেখা পাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনকক্ষ। এখানে রয়েছে তখনকার সময় ব্যবহৃত রেডিও, টেলিফোন, তালা ইত্যাদি।

বিশেষ আকর্ষণ:

  • মুক্তিযুদ্ধের বিরল আলোকচিত্র
  • শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহার্য সামগ্রী
  • মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র
  • স্বাধীনতার ঘোষণাপত্র
  • বাংলা বেতার কেন্দ্র

চতুর্থ তলা – শিল্পকলা ও বিশ্ব সভ্যতা গ্যালারী

এখানে শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন সভ্যতার শিল্পকলা ও নিদর্শনও প্রদর্শিত হয়। আধুনিক শিল্পী ও চিত্রশিল্পীদের কাজও এখানে রাখা আছে। এখানে রয়েছে কোরিয়ান জাতীয় সংস্কৃতিকক্ষ। এখানে রয়েছে সুইডেন প্রবাসী জনাব তৈয়ব হোসেন কর্তৃক উপহৃত ৩৬টি দেশের ১১৯ টি পুতুল।

বিশেষ আকর্ষণ:

  • বাংলার লোকশিল্প ও নকশিকাঁথা
  • সমকালীন চিত্রকলা
  • বিদেশি সভ্যতার নিদর্শন
  • ভাস্কর্য ও পেইন্টিং সংগ্রহ
  • পুতুল
  • কোরিয়ান প্রদর্শনী
  • নৃত্য
  • ইরানি কর্নার
  • সুইজারল্যান্ডের অনুপ্রেরনা
  • সুইস টেক্সটাইল শিল্প
  • চীনা প্রদর্শনী

কেন জাতীয় জাদুঘর ঘুরে দেখবেন

ঢাকার ব্যস্ত শহরে একটু সময় বের করে জাতীয় জাদুঘরে ঢুকলেই যেন অন্য এক জগতে চলে যাওয়া যায়। এটা শুধু একটা ভবন নয়, বরং হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের জীবন্ত ভাণ্ডার।

জাতীয় জাদুঘর ঘুরে দেখার সবচেয়ে বড় কারণ হলো, এখানে এক ছাদের নিচে পুরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সমকালীন শিল্পকলা থেকে শুরু করে গ্রামীণ জীবনের সরলতা সহ সবকিছুই এখানে নিখুঁতভাবে সংরক্ষিত আছে।

শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে এক অনন্য শিক্ষালয়। বইয়ের পাতায় যে ইতিহাস শিখি, এখানে এসে তা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আবার গবেষকদের জন্য এটি এক অমূল্য ভাণ্ডার, যেখানে তারা বাংলাদেশের অতীত, সংস্কৃতি আর শিল্পকলার নানা দিক নিয়ে কাজ করার সুযোগ পান। আর শিশুদের জন্য দারুণ এক শিক্ষণীয় স্থান এটি। তারা আনন্দ পাবার পাশাপাশি বাংলাদেশ তথা বিশ্ব সম্পর্কে জানতে পারবে।

শুধু পড়াশোনা বা গবেষণার জন্য নয়, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্যও জায়গাটি দারুণ। বাচ্চারা যেমন আনন্দের সঙ্গে শেখে, বড়রা তেমনি গর্বের সঙ্গে নিজেদের শেকড়কে নতুন করে চিনতে পারে। সবচেয়ে বড় কথা, জাতীয় জাদুঘর ভ্রমণ মানে নিজের ইতিহাসকে নতুন চোখে দেখা, যা আমাদের জাতীয় পরিচয় ও আত্মমর্যাদা গড়ে তোলে। তাই ঢাকায় এলে বা ঢাকার বাসিন্দা হলেও, অন্তত একবার হলেও জাতীয় জাদুঘর ঘুরে দেখা উচিত।

জাদুঘর খোলা থাকার সময়সূচী

বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরে দেখার আগে এর সময়সূচী জেনে নেওয়া জরুরি। কারণ কোন দিনে খোলা আর কোন দিনে বন্ধ থাকে, সেটা না জানলে হয়তো গিয়ে হতাশ হতে হতে পারে।

সাপ্তাহিক ছুটি

  • প্রতি বৃহস্পতিবার এবং সব সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। তার মানে সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার।
  • তবে বিশেষ দিনগুলোতে, যেমন বিজয় দিবস (১৬ ডিসেম্বর), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) এবং পহেলা বৈশাখ (১৪ এপ্রিল); জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

গ্রীষ্মকাল (এপ্রিল – সেপ্টেম্বর)

  • শনিবার থেকে বুধবার: সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল ৫ টায়)
  • শুক্রবার: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে ৭ টায়)

শীতকাল (অক্টোবর – মার্চ)

  • শনিবার থেকে বুধবার: সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে ৪ টায়)
  • শুক্রবার: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে ৭ টায়)

রমজান মাসে

  • রমজানে সময়সূচী কিছুটা পরিবর্তিত হয়। তখন প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকে।
  • এ সময়ে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার জাদুঘর বন্ধ থাকে।

জাদুঘরের টিকিট ও প্রবেশ মূল্য

জাতীয় জাদুঘরে প্রবেশ করতে হলে টিকিট কিনতে হয়। মূল গেটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকেই সহজে টিকিট সংগ্রহ করা যায়। এছাড়া অনলাইনেও ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যায়।

টিকিট মূল্য (বাংলাদেশি দর্শনার্থী)

  • প্রাপ্ত বয়স্ক দর্শকের জন্য: ৪০ টাকা
  • ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য: ২০ টাকা

টিকিট মূল্য (বিদেশি দর্শনার্থী)

  • বিদেশি দর্শনার্থী: ৫০০ টাকা
  • সার্কভুক্ত দেশের দর্শনার্থী: ৩০০ টাকা

অনলাইনে টিকেট ক্রয়ের প্রক্রিয়া

অনলাইনে টিকেট ক্রয়ের প্রক্রিয়া হচ্ছে প্রথমে আপনাকে (nationalmuseumticket.gov.bd) এই ওয়েবসাইটে ভিজিট করে, শনিবার – বুধবার : সকাল ৯:৩০ – বিকাল ৩ পর্যন্ত (টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল ৩ টায়) টিকিট সংগ্রহ করতে পারেন।

অনলাইনে টিকিট কাটার নিয়মাবলী
  1. Buy Ticket ডায়গল বক্সে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজেস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন একবারই করতে হবে। পরবর্তীতে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে বার বার Login করে টিকেট ক্রয় করতে পারবেন।
  2. Purchase eTicket অপশনে ক্লিক করুন। জাদুঘরে ভ্রমণের তারিখ, টিকিট সংখ্যা লিখে Add বাটনে ক্লিক করুন।
  3. একের অধিক টিকেট কিনতে Add More Ticket বাটনে ক্লিক করুন।
  4. Make Payment বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনার পেমেন্ট সম্পন্ন করুন।
  5. Print Ticket অপশনে ক্লিক করে আপনার টিকিট প্রিন্ট করতে পারেন। বা PDF টিকিট ডাউনলোড করতে পারবেন।
  6. Ticket checking জাদুঘরে প্রবেশের সময় অনলাইন টিকিটের প্রিন্ট কপি অথবা মোবাইলে ডাউনলোড কপি অথবা টিকিট নম্বর প্রদর্শন করুন।

বিশেষ সুবিধা

  • জাতীয় দিবসগুলোতে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য জাদুঘরে প্রবেশ একেবারেই বিনামূল্যে।
  • বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা গাইডের ব্যবস্থা রয়েছে, যাতে তারা সহজেই প্রদর্শনী ঘুরে দেখতে এবং বুঝতে পারেন।

কিভাবে যাবেন

ঢাকার ব্যস্ত শহরের মাঝেও জাতীয় জাদুঘরে পৌঁছানো খুবই সহজ। জাদুঘরটি অবস্থিত শাহবাগ মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে, যা শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় যেকোনো দিক থেকে সহজে পৌঁছানো যায়। আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে এখানে ভ্রমণে আসতে পারেন।

গণপরিবহন

  • বাস: শাহবাগ রুটে চলাচলকারী প্রায় সব বাসই জাদুঘরের কাছে যেতে পারে।
  • রিকশা / অটোরিকশা: শহরের যেকোনো জায়গা থেকে সহজে রিকশা, CNG, মোটরসাইকেল, অটো রিক্সা কিংবা উবার, পাঠাও দিয়ে চলে আসতে পারেন।
  • মেট্রোরেল: মেট্রোরেলে আসলে আরও সহজে চলে আসতে পারবেন। শাহবাগে মেট্রোরেল এর স্টেশন রয়েছে। তাই মেট্রোরেল পরিচালিত যে কোন স্থান থেকে শাহবাগ স্টেশনে নেমে হেটেই চলে আসতে পারবেন।
  • লঞ্চ: বাংলাদেশের যে কোন স্থান থেকে লঞ্চে করে নারায়ণগঞ্জ কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনাল হয়ে এখানে চএল আসতে পারেন। সরদ্ঘাট থেকে রিক্সা করে আর নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল নেমে বাসে করে গুলিস্থান নেমে সেখান থেকে রিক্সা করে চলে আসতে পারবেন।

ব্যক্তিগত যানবাহন

নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল থাকলে, জাদুঘরের চারপাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তবে ব্যস্ত সময়গুলোতে পার্কিং সীমিত হতে পারে।

কোথায় খাবেন

জাতীয় জাদুঘর ভ্রমণের আগে সাথে করে খাবার পানি নিয়ে নিবেন আর চাইলে জাদুঘরের বাহিরে প্রচুর খাবারে দোকান রয়েছে আপনি ভ্রমণের আগে কিংবা ভ্রমণ শেষে এখানে খেতে পারেন।

তবে যদি ভ্রমণের সময় পেট পূরে খাবার খেতে চান, তাহলে শাহবাগ এলাকায় অনেক ভালো রেস্তোরাঁ এবং কফি শপ আছে। এছাড়া আমি বলব হাতে সময় থাকলে পুরান ঢাকা একটু ঘুরে আসতে আপ্রেন। এখানকার জনপ্রিয় কিছু জায়গা হলো:

  • শাহবাগ কফি হাউস ও রেস্টুরেন্ট – হালকা নাশতা ও ঠান্ডা পানীয়ের জন্য আদর্শ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ফাস্টফুড শপ ও স্ট্রিট ফুড – স্থানীয় খাবারের স্বাদ নিতে চাইলে।
  • বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির কাছাকাছি ক্যাফে – শান্ত পরিবেশে চা বা কফি উপভোগ করতে।

ভ্রমণের সময় লক্ষ্য রাখুন, মূল জাদুঘরের ভিতরে বড় খাবারের সুযোগ নেই। তাই ভালো হয় আগে হালকা নাস্তা নিয়ে আসা বা বাইরে ঘুরে খান।

ভ্রমণ টিপস

জাতীয় জাদুঘর ঘুরে দেখার অভিজ্ঞতা আরও সুন্দর ও আরামদায়ক করতে কিছু টিপস মাথায় রাখা ভালো।

  1. সকাল বা ভোরে যাওয়া: সকাল সকাল গেলে ভিড় কম থাকে এবং আপনি ধীরে ধীরে সব গ্যালারি উপভোগ করতে পারবেন।
  2. উচ্চ শব্দ না করা: উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। ভদ্রতা বজায় রাখুন।
  3. সময় পরিকল্পনা: পুরো জাদুঘর ঘুরতে অন্তত ৩–৪ ঘণ্টা সময় রাখা ভালো। তারাহুরো করে দেখলে উপভোগ করতে পারবেন না।
  4. ছবি তোলা বা ভিডিও করা নিষেধ: জাদুঘরের ভেতরে ছবি তোলার নিয়ম নেই তাই সাথে ক্যামেরা নিয়ে প্রবেশ থেকে বিরত থাকুন। এখানের সি সি ক্যামেরা গুলো এমন ভাবে সেট করা যে আপনি লুকিয়ে ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা করলে বিকট শব্দে সাইরেন বেজে উঠবে।
  5. টিকিট আগে জেনে নেওয়া: বিশেষ দিন বা ছুটির সময়ে আগে থেকে টিকিটের তথ্য জেনে নিলে সমস্যা হয় না।
  6. শিশুদের সঙ্গে ভ্রমণ: শিশুদের জন্য প্রথম তলার প্রাকৃতিক ইতিহাস এবং বাংলাদেশ প্রদর্শনী অনেক আকর্ষণীয়।
  7. পানি সঙ্গে রাখা: মূল জাদুঘরে খাবারের সুযোগ নেই, তাই সঙ্গে পানি নেওয়া ভালো। হাটতে হাটতে পিপাসা বা তৃষ্ণা লাগতে পারে।
  8. নিদের্শনা: শোকেসে রাখা নিদর্শনগুলোতে হাত দেয়া থেকে বিরত থাকুন। কোন কিছু নষ্ট বা ভাংবেন না।
  9. গাইড ব্যবহার করা: বিদেশি দর্শনার্থীদের জন্য গাইড সুবিধা আছে। তবে স্থানীয় দর্শনার্থীরাও চাইলে গাইড বুক করে বিস্তারিত তথ্য জানতে পারেন।

এই টিপসগুলো মেনে চললে জাতীয় জাদুঘর ভ্রমণ হবে আরও সুন্দর, শিক্ষণীয় এবং স্মরণীয়।

আশেপাশের দর্শনীয় স্থান

জাতীয় জাদুঘর ভ্রমণের সঙ্গে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানও ঘুরে দেখা যায়। জাদুঘরের আশেপাশে থাকার কারণে এই স্থানগুলো একদিনে ভ্রমণ করা সহজ।

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস – জাদুঘরের পাশেই অবস্থিত, বিশাল ক্যাম্পাসটি পুরনো স্থাপত্য, সবুজ প্রাঙ্গণ এবং শিক্ষার পরিবেশের জন্য বিখ্যাত। হাঁটাহাঁটিতে ইতিহাস ও সংস্কৃতির অনুভূতি পাওয়া যায়।
  2. লালবাগ কেল্লা – যদি সময় থাকে, জাদুঘর থেকে রিকশা বা গাড়ি নিয়ে লালবাগ কেল্লা ঘুরে দেখা যায়। এটি ঢাকার ঐতিহাসিক নিদর্শনের অন্যতম কেন্দ্র।
  3. বাংলা একাডেমি – সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র। এখানে সাহিত্যিক, কবি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, যা দর্শকদের সংস্কৃতিমুখী অভিজ্ঞতা দেয়।
  4. শিল্পকলা একাডেমি – দেশের চিত্রকলা, শিল্পকলা ও নাট্যশিল্পের কেন্দ্র। প্রদর্শনী ও কর্মশালার মাধ্যমে বাংলাদেশি শিল্পের স্বাদ পাওয়া যায়।
  5. জিপিসি-সাহিত্যিক পার্ক ও লেকসাইড এলাকা – প্রাকৃতিক পরিবেশে বিশ্রাম বা হালকা হাঁটাহাঁটির জন্য আদর্শ।
  6. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ – সাহিত্যের অনন্য প্রতিভা নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর জায়গা।
  7. রমনা পার্ক – ঢাকার সবচেয়ে বড় এবং সবুজ পার্কগুলোর মধ্যে একটি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য খুবই সুন্দর।
  8. আহসান মঞ্জিল – ঢাকার ঐতিহাসিক মহল ও রাজার প্রাসাদ। এখানকার স্থাপত্য ও সংগ্রহগুলো দেখতে মুগ্ধ হওয়া যায়।
  9. ছবির হাট – স্থানীয় হস্তশিল্প ও সিনেমা সংক্রান্ত নকশা, ফটো ও স্মারক সংগ্রহের জন্য আকর্ষণীয়।
  10. হাতিরঝিল – শহরের প্রাণকেন্দ্রে আরামদায়ক ও শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ, হেঁটে বা নৌকা ভ্রমণ করতে পারেন।
  11. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর – বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান ভালোবাসীদের জন্য দারুণ শিক্ষণীয় স্থান।
  12. জাতীয় সংসদ ভবন – বিশ্বখ্যাত স্থাপত্য নিদর্শন, স্থপতি লুই আই কানের নকশা।
  13. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ – ঢাকার সবচেয়ে বড় ও বিখ্যাত মসজিদ, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
  14. বড় কাটরা – পুরনো ইতিহাস ও স্থাপত্যে ভরা একটি ঐতিহাসিক স্থান।
  15. টাকা জাদুঘর – দেশের মুদ্রা ও অর্থনৈতিক ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আকর্ষণীয়।
  16. বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর – বিমান বাহিনী ও সামরিক ইতিহাসে আগ্রহীদের জন্য দারুণ দর্শনীয় স্থান।

এই সব স্থানগুলো ঘুরে দেখলে জাতীয় জাদুঘরের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয় এবং ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া যায়। এছাড়া ঢাকা জেলায় আরও কি কি দর্শনীয় স্থান রয়েছে তা দেখুন ঢাকা জেলা।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরতে গেলে অনেক প্রশ্ন মাথায় আসে – কখন খোলা, টিকিটের দাম কত, শিশুদের জন্য সুবিধা আছে কি, কি কি দেখতে পারবেন ইত্যাদি। এই FAQ অংশটি তৈরি করা হয়েছে ঠিক সেই সব সাধারণ প্রশ্নের উত্তর দিতে, যাতে আপনার ভ্রমণ আরও সহজ, পরিকল্পিত এবং আনন্দদায়ক হয়।

জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?

জাতীয় জাদুঘর ঢাকা শহরের শাহবাগ এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত।

জাদুঘর কখন খোলা থাকে?

বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন জাদুঘর খোলা থাকে। বিশেষ দিনগুলোতে (যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ) খোলা থাকে।

টিকিটের দাম কত?

৩–১২ বছর বয়সী শিশু: ২০ টাকা
১২ বছরের উপরের বাংলাদেশি দর্শনার্থী: ৪০ টাকা
বিদেশি দর্শনার্থী: ৫০০ টাকা
সার্কভুক্ত দেশের দর্শনার্থী: ৩০০ টাকা

শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য কোনো বিশেষ সুবিধা আছে কি?

হ্যাঁ, বিভিন্ন জাতীয় দিবসে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য প্রবেশাধিকার বিনামূল্যে পাওয়া যায়।

বিদেশি দর্শনার্থীদের জন্য গাইডের সুবিধা আছে কি?

হ্যাঁ, বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা গাইডের ব্যবস্থা রয়েছে।

জাদুঘরের প্রধান আকর্ষণগুলো কি?

প্রথম তলায় বাংলাদেশের প্রাকৃতিক ইতিহাস ও ভাস্কর্য, দ্বিতীয় তলায় সভ্যতা ও ঐতিহ্য, তৃতীয় তলায় বিশ্বসভ্যতার নিদর্শন এবং প্রতিকৃতি।

জাদুঘরের আশেপাশে দর্শনীয় স্থান কোথায়?

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, আহসান মঞ্জিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, হাতিরঝিল, জাতীয় সংসদ ভবন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রভৃতি।

ভ্রমণের জন্য কত সময় রাখা উচিত?

সাম্প্রতিক দর্শকদের অভিজ্ঞতা অনুযায়ী পুরো জাদুঘর ঘুরে দেখতে ৩–৪ ঘণ্টা সময় রাখা ভালো।

ফটো তোলা যায় কি?

ছবি কিংবা ভিডিও করা নিষেধ। তবে, কিছু গ্যালারিতে ছবি তোলার অনুমতি আছে। তবে নিরাপত্তা ও প্রদর্শনী রক্ষা করার জন্য নির্দেশিকা মেনে চলা জরুরি।

এখানে কি ইংরেজি ভাষায় তথ্য পাওয়া যায়?

হ্যাঁ, প্রদর্শনীর বেশিরভাগেই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বর্ণনা দেওয়া আছে।

শিশুদের জন্য কোন বিভাগ সবচেয়ে আকর্ষণীয়?

প্রথম তলার প্রাকৃতিক ইতিহাস বিভাগ শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে।

বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থপতি কে?

বাংলাদেশ জাতীয় জাদুঘরের বর্তমান ভবনের স্থপতি ছিলেন সৈয়দ মাইনুল হোসেন, যিনি দেশের প্রখ্যাত স্থপতি হিসেবে পরিচিত।

উপসংহার

বাংলাদেশ জাতীয় জাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়—এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। এখানে গেলে আপনি শুধু ইতিহাস দেখবেন না, বরং অনুভব করবেন নিজের শেকড় ও সংস্কৃতির গভীরতা।

বাংলাদেশ জাতীয় জাদুঘর আমাদের সাংস্কৃতিক পরিচয়ের এক অমূল্য ধনভান্ডার। এটি শুধু অতীতের স্মৃতিই সংরক্ষণ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। ঢাকায় থাকলে বা বেড়াতে এলে অন্তত একবার হলেও এই জাদুঘর দেখা উচিত। কারণ এখানে আমাদের শেকড়ের খোঁজ মেলে, পাওয়া যায় নিজস্ব সংস্কৃতির গভীর পরিচয়।

জাদুঘর মানেই পুরানো জিনিসের স্তূপ – এই ভাবনা পাল্টে যাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গেলে। এটি একটি জীবন্ত প্রতিষ্ঠান, যেখানে অতীত ও বর্তমানের মিলন ঘটেছে। আমাদের গৌরবময় ইতিহাসের প্রতিটি অধ্যায় এখানে সযত্নে সাজানো রয়েছে, অপেক্ষা করছে আমাদের পরিদর্শনের জন্য।

মানচিত্র

গুগলের মানচিত্রে বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য

রমনা পার্ক

May 13, 2025 by আতিকুর রহমান

বাংলাদেশের রাজধানী ঢাকা, তার ঐতিহাসিক গুরুত্ব ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য সুপরিচিত। মসলিন, মসজিদ আর রিকশার শহর হিসেবে একসময় পরিচিত এই নগরী আজ এক বিশাল মহানগরে রূপ নিয়েছে, যেখানে অতীতের স্মৃতি ও আধুনিকতার সম্মিলন ঘটেছে এক অভাবনীয় ছন্দে। এই শহরের বুকজুড়ে ছড়িয়ে থাকা ইতিহাসের এক জ্বলন্ত নিদর্শন হলো রমনা পার্ক—যা শুধু একটি উদ্যান নয়, বরং একটি শহরের ঐতিহ্য ও প্রকৃতির মিলনস্থল।

মুঘল আমল থেকে আধুনিক রমনা

রমনার ইতিহাস শুরু হয় মুঘল শাসনামলে, আনুমানিক ১৬১০ সালে, যখন সুবাদার ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে ঢাকাকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। তখন রমনা ছিল ঢাকার উত্তরে অবস্থিত এক অভিজাত এলাকা, যেখানে নতুন বাড়ি, মসজিদ, মন্দির, সমাধি ও বাগান নির্মিত হয়। এ অঞ্চল একসময় মুঘলদের সামাজিক ও ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র ছিল।

তবে মুঘল শাসনের অবসান ও রাজনৈতিক অস্থিরতার কারণে রমনার জৌলুস হারিয়ে যেতে থাকে। সময়ের পরিক্রমায় এটি পরিণত হয় পরিত্যক্ত ভবন, ঝোপঝাড়, কবরস্থান ও ধ্বংসপ্রাপ্ত মন্দিরের অঞ্চলে। এই ঐতিহাসিক স্থানটির পুনর্জন্ম ঘটে ১৯৫২ সালে, যখন তৎকালীন সি অ্যান্ড বি বিভাগ (বর্তমানে গণপূর্ত অধিদপ্তর) এর আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।

আধুনিক নকশা ও প্রাকৃতিক সৌন্দর্য

রমনা পার্ক বর্তমানে ঢাকার সবচেয়ে বড় এবং সুপরিকল্পিত উদ্যানগুলোর একটি। এর মোট আয়তন ৬৮.৫০ একর, যার মধ্যে ৮.৭৬ একরজুড়ে রয়েছে একটি নান্দনিক লেক। পার্কে বিভিন্ন ধরণের গাছপালা যেমন ফুল, ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে, যার সংখ্যা ১২২ প্রজাতিরও বেশি। এখানে নাগেশ্বরচাঁপা, স্বর্ণচাঁপা, কর্পূর, রীঠা, নাগলিঙ্গম, অর্জুন, মহুয়া, কুসুম, তেলসু ও অশোক গাছ বিশেষভাবে চোখে পড়ে।

লেকের চারপাশে ও পার্কজুড়ে নির্মিত হয়েছে প্রশস্ত পথ, নতুন পাঁচটি গেট, ছাউনি, বসার স্থান এবং টয়লেট সুবিধা—যা নাগরিকদের জন্য এক নিঃশব্দ আরাম ও প্রকৃতির ছোঁয়া পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

ভবিষ্যৎ সম্ভাবনা

বর্তমানে রমনা পার্ক উদ্যানতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এটি কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, বরং ঢাকা শহরের ইতিহাস ও নগর উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অংশ। যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত ও উপভোগ্য করে তোলা যায়, তবে রমনা পার্ক হতে পারে ঢাকার এক অনন্য প্রাকৃতিক ও ঐতিহাসিক আকর্ষণ।

রমনা পার্ক শুধু গাছপালা আর জলাধারের সমন্বয়ে গঠিত একটি স্থান নয়, এটি ঢাকার অতীত ঐতিহ্য ও নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পার্কে হাঁটলে যেন মুঘল আমলের ছায়া, বৃটিশ শাসনের স্মৃতি এবং আধুনিক শহর পরিকল্পনার নিদর্শন একসাথে মিশে যায়—যা প্রতিটি ঢাকাবাসীর গর্ব করার মতো।

উপসংহার

রমনা পার্ক শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। প্রাচীন মুঘল ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক শহরায়নের নানা অধ্যায়ে এই পার্ক স্বাক্ষী হয়েছে সময়ের পরিবর্তনের। আজও এটি নাগরিক জীবনের এক শান্ত আশ্রয়স্থল, যেখানে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় কোলাহলময় নগরের মধ্যেও। তবে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত উন্নয়নের পাশাপাশি সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তখনই রমনা পার্ক হয়ে উঠবে একটি সর্বজনীন ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য—যা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রিয় থাকবে।

টিকিট এবং সময়সূচি

টিকিট :

বর্তমানে রমনা পার্ক সকল দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত, পার্কের  ভিতরে প্রবেশ করতে কোন টিকিট সংগ্রহ বা ফি প্রদান করতে হয় না।

সময়সূচি:

নিচে টেবিল আকারে রমনা পার্কের সকাল ও বিকেলের সময়সূচি দেওয়া হলো:

সময়কাল সময়
সকাল সকাল ৬:০০ – দুপুর ১২:০০
বিকেল বিকেল ২:০০ – রাত ৮:০০

অন্যান্ন তথ্য

বিশেষ দ্রষ্টব্য: রমনা পার্ক সম্পের্কে আরও বস্তারিত তথ্য জানতে উইকিপিডিয়ার বিস্তারিত আর্টিক্যাল দেখুন: দর্শনীয় স্থান: রমনা পার্ক

মানচিত্র

গুগলের মানচিত্রে রমনা পার্ক।

ভিডিও ডকুমেন্টারি

[youtube id=”ylKOu-St_fE”]

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: Park, Ramna, Ramna Park, উদ্যান, ঐতিহাসিক স্থান, ঢাকা, নগর পরিকল্পনা, পর্যটন, পার্ক, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশ ইতিহাস, মুঘল ইতিহাস, রমনা, রমনা পার্ক, শহর উন্নয়ন

খেলারাম দাতার কোঠা

April 15, 2025 by আতিকুর রহমান

নবাবগন্জ একটি  ইতিহাস ও ঐতিয্য সমৃদ্ধ উপজেলা, যেখেনে রয়েছে কলাকুপা প্রচীন জমিদার বা রাজবাড়ী, এছাড়াও এর অদূরেই রয়েছে কয়েকশো বছরের প্রাচীন খেলারাম দাতার কোঠা (Khelaram Datar Kotha) যা খেলারাম দাতার বিগ্রহ মন্দির হিসেবেও পরিচিত।

খেলারাম দাতার কোঠা (Khelaram Datar Kotha)

খেলারাম দাতার রহস্যময় জীবন

খেলারাম দাতা ছিলেন ডাকাত দলের সরদার, ডাকাতি করেই করেছিলেন এই বিশাল মন্দির বা অন্ধকারকোঠা। কলাকুপার ইছামতি নদীর নৌপথে ডাকাতি করতেন তিনি এবং এই ডাকাতি করেই বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছিলেন তিনি, এবং গড়েছিলেন এরকম বিশাল মন্দির বা অন্ধকার কোঠা। তবে তিনি ডাকাত হলেও তার ডাকাতি করা সম্পদের বিরাট অংশ তিনি গরিবদের জন্য ব্যায় করেছিলেন, স্থানিয়দের মতে তার কাছে কেও কিছু চেয়ে খালি হাতে ফিরে যেত না বলে একটি কথা প্রচলিত রয়েছে। আর সে কারনেই ডাকাত হয়েও তার নামের শেষে দাতা শব্দটি যুক্ত হয়ে তান নাম হয়ে যায় খেলারাম দাতা।

কথিত আছে ইছামতি নদী থেকে তার বাড়ী পর্যন্ত একটি সুরঙ্গ ছিল, ডাকাতি করে এ পথেই তিনি ধনসম্পদ নিয়ে আসতেন তার বাড়ীতে। খেলারাম দাতাকে দুই ধরনের ইতিহাস প্রচলিত রয়েছে, একটিতে বলা হচ্ছে তিনি ছিলেন ডাকাত দলের সর্দার অন্যটিতে তাকে উপস্থাপন করা হয়েছে ব্যবসায়ি হিসেবে।

বলা হয়েছে খেলারাম ছিলেন অনেক মাতৃ ভক্ত, মায়ের অনুমতি নিয়ে তিনি নোকা নিয়ে বানিজ্যে গিয়ে আবার ফিরে আসেন, এর পর তা গরীব দুখিদের মাঝে বিলিয়ে দেন। একবার খেলারামের মা তার কাছে আম দুধ খেতে চাইলে তিনি বাড়ি উপরে বিশাল চৌবাচ্চা তৈরিকরে তা আম দুধ দিয়ে ভর্তি করে সেখানে তার মাকে নিয়ে এসে নামিদেয় সেই চোবাচ্চায়, তার মা সাতার পেরে তা খেয়ে তৃপ্ত হন বলে কথিত রয়েছে।

কথিত আছে একদিন খেলারাম তার বাড়ির সামনের পুকুরে নেমে গোসল করতে পানিতে ডুব দেন এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি আর ওঠেননি এরপর, লোকজন নামিয়ে দিলে তার মৃতদেহ পাওয়া যায়। খেলারামদাতার মৃত্যুতে চারদিকে কান্নার রোল পড়ে যায়, কান্নার মধ্যে সবচেয়ে মর্ম বেধি ছিল তার মা য়ের কান্না।

নির্মাণকাল

খেলারাম দাতা ঠিক কবে অট্টালিকাটি তেরি করেছিলেন তার কোন সঠিক তথ্য কোথাও পাওয়া যায়না। কোন কোন ইতিহাস বিদ মনে করেন ১৯ শতকের শেষদিকে অথবা ২০ শতকের শুরুর দিকে এটি নির্মিত হয়ে থাকতে পারে। তবে স্থানিয়দের মতে এটি ৩ থেকে ৪ শত বছরের পুরনো।

নির্মানশৈলী

খেলারাম দাতার কোঠার স্থাপত্য নকশাটি খুবই মনোরম। বর্তমানে দ্বিতল ভবনটির উপরের অংশ পর্যন্ত টিকে রয়েছে। ভবণটির পিলার ও মিনার দেখে নির্মাণ কৌশলী সম্পর্কে সুস্পস্ট ধারণা পাওয়া যায়। মন্দিরটির নির্মাণ কৌশলীতে মুঘল রিতির প্রতিফলন রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ধারা। অতীতে মন্দিরটির রং ছিল লালচে, সাম্প্রতিক সময়ে সংস্কারের মাধ্যমে মন্দিরটির গায়ে সাদা রং এর প্রলেপ দেয়া হয়েছে।

দ্বিতল বিশিষ্ট ভবনের প্রতি তালায় ৮টি করে কক্ষ রয়েছে।  প্রত্যেক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার ব্যবস্থা রয়েছে অট্টালিকা টির চারপাশ দিয়ে প্রবেশ করা যায় এজন্য অট্টালিকার চারদিকে পাঁচটি করে প্রবেশদ্বার রয়েছে। অট্টালিকাটির উত্তর-পশ্চিম কোণে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি রয়েছে। দ্বিতীয় তলার ছাদে চার কোনায় চারটি গম্বুজ এবং গম্বুজ গুলোর মাঝখানে চারটি কুঁড়েঘর আকৃতির স্থাপনা দেশীয় সংস্কৃতির প্রকাশ ঘটিয়েছে, এবং খেলাম দাদার কোঠার মাঝখানে উঁকি দিচ্ছে মন্দিরের মতো সুউচ্চ মঠ বা মিনার। মঠ আকৃতির এই ঘরটি মন্দির হিসেবে ব্যবহার করতেন খেলারাম।

ইতিহাস ও বর্তমান অবস্থা

স্থানীয়দের ভাষ্যমতে কোন এক রাতে এই ভবনটি মাটি ভেদ করে উপরে উঠে যায় হঠাৎ কেউ একজন দেখা দেখে ফেললে এটার উপরে ওঠা বন্ধ হয়ে যায় এবং কালের বিবর্তনে আস্তে আস্তে মাটির নিচে ডুবেজে থাকে। এটি যখন উঠেছিল তখন সাত থেকে আট তলা সমান উঁচু ছিল বলে স্থানীয়রা জানান, যা বর্তমানে দোতলা দৃশ্যমান রয়েছে।

আসলে খেলারামদাতা তার বাড়ির ভিতরেই তৈরি করেছিলেন মন্দিরটি যার কারণে অনেকের কাছে এটি পরিচিত খেলারামদাতার বাড়ি, কারও কাছে খেলারাম দাদার কোঠা আবার, কারও কারও কারও কাছে আন্ধারকোঠা হিসেবে। সংস্কারে আগে মন্দিরটি অনেক জরাজীর্ণ অবস্থায় ছিল যা বর্তমানে গ্রিল দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ভবনটি অনেক জরাজীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন ছিল বলে একে অনেকে ভূতের বাড়ি বলেও ডেকে থাাকে। খেলারাম দাতার অট্টালিকাটি দীর্ঘদিন অবহেলিত ছিল, সরকার একে গুরুত্বপূর্ণ পুরাকৃতি হিসেবে স্বীকৃতির ঘোষনা দিয়ে অট্টালিকাটি সংস্কার করেছে।

শেষকথা

খেলারামদাতার কোঠা বা আন্ধার কোঠা সত্যি সত্যি রহস্যে ঘেরা এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে ঘুড়তে আসলে ভবনটির নির্মাণশৈলী এবং কাল্পনিক গল্পকথা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। শুধু খেলারামদাতার কোঠাই নয় এই কলাকোপা গ্রামে রয়েছে একাধিক পুরনো বাড়ি, মন্দির এবং স্থাপনা যা দেখতে দেখতে অনায়াসে আপনার একদিন চলে যাবে।

লোকমুখে শোনা যায় খেলারাম দাতা তার মায়ের আদেশে এলাকার অনেক সেবা ও জনকল্যামূলক কাজ করেছিলেন। এর মধ্যে অত্র এলাকায় বিশুদ্ধ পানির জন্য পুকুর বাঁ দিঘী খনন উল্লেখযোগ্য। খেলারাম দাতার কোঠার সম্মুখে রয়েছে একটি বিশাল দিঘী। খেলারাম দাদার এই অট্টালিকাটি দেখার জন্য অসংখ্য দর্শনার্থীরা ভিড় করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অট্টালিকাটির ভিতরের অংশ দেখানোর ব্যবস্থা করলে দর্শনার্থীরা আরো আনন্দিত হতো।

গুগলের মানিচিত্রে খেলারাম দাতার কোঠা

কিভাবে যাবেন

প্রথমে আপনাকে ঢাকার গুলিস্থানের গোলাপ শাহ মাজার সংলগ্ন বাস স্টপেজ থেকে কেরানীগন্জ নবকালি পরিবহন অথবা এন মল্লিক পরিবহনে করে নামতে হবে নবাবগন্জের কলাকোপা বাসস্ট্যান্ডে, এতে সময় লাগতে পারে ১ ঘন্টা ৩০ মিনিটে আশেপাশের। কলাকোপা বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে রিকশাযোগে আন্ধারকোঠা নামক স্থানে যাবেন জানালে রিকশাওয়ালা আপনাকে নিয়ে যাবে আন্ধারকোঠায়। এবং এই আন্ধারকোঠা ই মূলত খেলারাম দাতার মন্দির।

তথ্যচিত্র

আন্ধারকোঠা বা খেলারাম দাতার মন্দির, নবাবগঞ্জ এর তথ্যচিত্র:

[youtube id=”NQW9Lkw413Y”]

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: Khelaram, Khelaram Data, Khelaram Datar Kotha, আঁধারকোঠা, কোঠা, খেলারাম, খেলারাম দাতা, খেলারাম দাতার কোঠা, খেলারাম দাতার মন্দির, মন্দির

বলধা গার্ডেন

January 14, 2025 by আতিকুর রহমান

ঢাকার কোলাহলপূর্ণ নগরজীবনের মাঝে অবস্থিত বলধা গার্ডেন এক নিরিবিলি প্রাকৃতিক আশ্রয়স্থল। রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত এই বাগানটি কেবল একটি উদ্যান নয়—এটি ইতিহাস, প্রকৃতি এবং সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন। ১৯০৯ সালে ব্রিটিশ ভারতের খ্যাতনামা জমিদার ও উদ্ভিদপ্রেমী নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী নিজস্ব অর্থায়নে গড়ে তোলেন এই বাগানটি, যা আজও তার স্বপ্ন ও ভালোবাসার পরিচয় বহন করে।

ইতিহাস ও প্রতিষ্ঠার পেছনের গল্প

নরেন্দ্র নারায়ণ ছিলেন বলধা এস্টেটের জমিদার। তিনি ইংরেজি, সংস্কৃত ও উদ্ভিদবিজ্ঞানে দক্ষ ছিলেন। তাঁর ইচ্ছা ছিল এমন একটি উদ্ভিদ উদ্যান গড়ে তোলা, যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা বিরল ও বৈচিত্র্যময় উদ্ভিদের একত্রিত রূপ থাকবে। প্রায় ৩০ বছর সময় ধরে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই কাজ চালিয়ে যান। গার্ডেনটির নামকরণ করেন গ্রিক পুরাণ থেকে নেওয়া দুই দেবীর নামে: Psyche (সাইক) ও Cybele (সিবেলি)।

উদ্ভিদের বৈচিত্র্য ও বিশেষ আকর্ষণ

বলধা গার্ডেনে প্রায় ১৫,০০০টির বেশি গাছপালা রয়েছে যা প্রায় ৬৭২টি প্রজাতির মধ্যে সীমাবদ্ধ, এবং সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে ৮৭টি উদ্ভিদ পরিবারে। এখানে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকা থেকে সংগ্রহ করা উদ্ভিদ রয়েছে। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে রয়েছে:

  • বাওবাব (Adansonia digitata) – আফ্রিকা থেকে আনা বিরল গাছ
  • অর্কিড, ক্যাকটাস, লিলি, মেহগনি
  • ক্যামেলিয়া – এই ফুল দেখে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কবিতা ‘ক্যামেলিয়া’
  • প্যাপিরাস (Cyperus papyrus) – প্রাচীন মিশরীয় কাগজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ
  • অমজন পদ্ম (Victoria regia) – বিশালাকৃতির জলজ ফুল

এছাড়া আলাদা ঘরে সংরক্ষিত রয়েছে এলোভেরা, আইভি (Ficus ripens var. heterophylla), বিভিন্ন প্রজাতির ফার্ন এবং ঔষধি গাছ।

উদ্যানের গঠন: সাইক ও সিবেলি

গার্ডেনটি প্রায় ৩.১৫ একর আয়তনের এবং এটি দুইটি ভাগে বিভক্ত:

১. সাইক (Psyche)

এই অংশে রয়েছে মনোরম ফুলের বাগান, শাপলার পুকুর, নানা রঙের জলজ উদ্ভিদ ও জলাধার। বিশেষভাবে সাজানো শোভাময় উদ্ভিদ ছাড়াও এখানে রয়েছে ক্যাকটাস ও প্যাপিরাসের মতো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ।

২. সিবেলি (Cybele)

সিবেলি অংশে রয়েছে বিভিন্ন প্রাচীন ও বড় আকৃতির গাছের সংগ্রহ, একটি ঐতিহাসিক পুকুর – শঙ্খনিধি পুকুর, এবং একটি সূর্যঘড়ি (Sundial), যা সময় পরিমাপে ব্যবহৃত হতো। এটি গার্ডেনটির অপেক্ষাকৃত ছায়াযুক্ত, নিঃশব্দ এবং রহস্যময় অঞ্চল।

সংরক্ষণ ও বর্তমান অবস্থা

নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর ১৯৪৩ সালে গার্ডেনটির রক্ষণাবেক্ষণ ব্যাহত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে এটি বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে আসে এবং জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে সিবেলি অংশের একটি অংশ বেসরকারি ব্যবস্থাপনায় চলে যাওয়ায় পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়।

বর্তমানে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, এবং এটি ঢাকায় শিক্ষা, গবেষণা ও ফটোগ্রাফির জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র। তবে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা না থাকায় মাঝে মাঝে অসামাজিক কার্যকলাপের অভিযোগও পাওয়া যায়।

উপসংহার

বলধা গার্ডেন কেবল একটি প্রাকৃতিক উদ্যান নয়—এটি ইতিহাস, সংস্কৃতি, উদ্ভিদবিজ্ঞান ও সৌন্দর্যের এক জীবনন্ত দলিল। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃতির সংরক্ষণ, ঐতিহ্যের গুরুত্ব এবং এক ব্যক্তির একাগ্রতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক—এটাই প্রত্যাশা।

সময়সূচি ও টিকেট

সময়সূচি

দিন সময়
সোমবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
মঙ্গলবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
বুধবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
বৃহস্পতিবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
শুক্রবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
শনিবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
রবিবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০

টিকেট

বলধা গার্ডেনে প্রবেশ টিকেট সংক্রান্ত তথ্য ও টিকেট মূল্য নিচে টেবিল আকারে দেওয়া হলো:

শ্রেণী প্রবেশমূল্য মন্তব্য
সাধারণ প্রবেশ (প্রাপ্তবয়স্ক) ১০০ টাকা –
১২ বছরের কম বয়সী ৫০ টাকা –
বিদেশী পর্যটক ১০০০ টাকা –
শিক্ষার্থীদের দল (১০০ জন পর্যন্ত) ১,০০০ টাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ
শিক্ষার্থীদের দল (১০০ জনের বেশি) ১,৫০০ টাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ
জাতীয় উদ্ভিদ উদ্যানে শরীরচর্চা বার্ষিক ৫০০ টাকা শরীরচর্চার জন্য প্রবেশ কার্ড

মানচিত্র

গুগলের মানচিত্রে বলধা গার্ডেন।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: Baldha Garden, Botanical Garden, Park

জাতীয় স্মৃতিসৌধ

January 14, 2025 by আতিকুর রহমান

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সাভার উপজেলার মধ্যে অবস্থিত এই স্মৃতিসৌধটি বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিরক্ষা করতে গড়ে তোলা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এবং দেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।

স্মৃতিসৌধের ইতিহাস

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অনেক বীর শহীদ হয়েছেন যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর, সবার মনেও ছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় সাভারের স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করা হয়। এই স্মৃতিসৌধটি ১৯৮২ সালে তৈরি করা হয়। এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিত।

স্মৃতিসৌধের স্থাপত্যশৈলী

জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নির্মিত একটি অনন্য স্থাপনা। স্মৃতিসৌধটি খুবই আকর্ষণীয় এবং প্রতীকীভাবে ডিজাইন করা হয়েছে। স্মৃতিসৌধের কেন্দ্রীয় অংশে রয়েছে ৭টি ত্রিভুজাকৃতির স্তম্ভ, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের ৭টি পর্যায়কে প্রতিনিধিত্ব করে। স্তম্ভগুলোর নকশা এমনভাবে তৈরি হয়েছে যে সেগুলো ক্রমশ উঁচু হয়ে মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্মৃতিসৌধের চারপাশে রয়েছে সুসজ্জিত জলাধার, যেখানে স্তম্ভের প্রতিবিম্বের দৃশ্য অত্যন্ত মনোরম লাগে। সন্ধ্যায় এই প্রতিবিম্ব আরও আকর্ষণীয় হয়ে ওঠে। স্মৃতিসৌধের নিকটেই একটি জাদুঘর রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও, প্রবেশপথটি দীর্ঘ ও সুসজ্জিত, যা প্রতীকীভাবে দেশের মানুষের সংগ্রামের দীর্ঘ যাত্রাকে চিত্রিত করে। ভোরে ও সন্ধ্যায় সূর্যের আলো স্মৃতিসৌধের সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।

স্মৃতিসৌধের সাংস্কৃতিক ও পর্যটন গুরুত্ব

এটি শুধু একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ নয়, বরং এটি বাংলাদেশের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশাল অনুষ্ঠান হয়। এসব দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পর্যটকরা এখানে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে পারেন। এটি বাংলাদেশের একটি প্রধান পর্যটন স্থান হয়ে উঠেছে। এখানে ছবি তোলা, ইতিহাস জানার সুযোগ এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করা যায়।

এছাড়াও স্মৃতিসৌধের পুরো এলাকাটি ঘিরে রয়েছে সবুজ উদ্যান, যা ভ্রমণকারীদের জন্য একটি শান্ত ও মনোরম পরিবেশ সৃষ্টি করে।

স্মৃতিসৌধে ভ্রমণ

এটি ঢাকার সাভারে অবস্থিত এবং দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীর মনোযোগ আকর্ষণ করে। স্মৃতিসৌধে এসে এক ধরনের আবেগ অনুভব করা যায়। যখন আপনি এখানে দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানান, তখন মনে হয় আপনি ইতিহাসের অংশ হয়ে উঠেছেন। স্মৃতিসৌধের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এবং চারপাশের স্থাপত্যশৈলী এক নতুন অভিজ্ঞতা তৈরি করে।

এখানে একটি সংগ্রহশালা রয়েছে যেখানে মুক্তিযুদ্ধের ছবি, ভিডিও এবং তথ্য পাওয়া যায়। এটি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করে মানুষ শহীদদের সংগ্রাম ও ত্যাগের গল্প জানে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানায়।

পর্যটকসেবা ও সুবিধা

স্মৃতিসৌধে ভ্রমণ করতে এসে পর্যটকদের জন্য কিছু সুবিধা দেওয়া হয়। এখানে গাইড, তথ্যচিত্র, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পাওয়া যায়। এসব জিনিস পর্যটকদের মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতে সহায়তা করে।

উপসংহার

সাভারের স্মৃতিসৌধ ত্যাগ, গৌরব ও স্বাধীনতার প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের এক স্থায়ী চিহ্ন। এটি দর্শনার্থীদের জন্য ইতিহাস ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে উপলব্ধি করার এক অনন্য স্থান। এখানে ভ্রমণ করলে মুক্তিযুদ্ধের ইতিহাসের গভীরে যাওয়ার সুযোগ পাওয়া যায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর অনুভূতি লাভ করা যায়। জাতীয় স্মৃতিসৌধে ভ্রমণ একটি গভীর আবেগের অভিজ্ঞতা দেয়, যা প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে। এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান।

সময়সূচী

নিচে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের সময়সূচী টেবিল আকারে দেওয়া হলো:

দিন সময়
সোমবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
মঙ্গলবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
বুধবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
বৃহস্পতিবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
শুক্রবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
শনিবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
রবিবার সকাল ১০টা – সন্ধ্যা ৬টা

মানচিত্র

গুগলের মানচিত্রে সাত গম্বুজ মসজিদ।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: জাতীয়, জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ

সাত গম্বুজ মসজিদ

January 12, 2025 by আতিকুর রহমান

বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ৪০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী সাত গম্বুজ মসজিদ, যা মুঘল স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন। এর চারটি মিনার ও তিনটি গম্বুজকে একত্রে সাত গম্বুজ বলা হয়। এই মসজিদটি ১৭ শতকের শেষ দিকে নির্মিত হয় এবং এটি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং পর্যটকদের জন্যও একটি উল্লেখযোগ্য আকর্ষণ। এর অনন্য গম্বুজ কাঠামো, নান্দনিক কারুকাজ এবং ইতিহাসের গভীরতা একে বিশেষ করে তুলেছে।

মসজিদের ইতিহাস

সাত গম্বুজ মসজিদ ১৬৮০ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অধীনস্থ সুবাদার শায়েস্তা খাঁর শাসনামলে নির্মিত হয়। মসজিদটির স্থপতি এবং এর নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয়, এটি সেসময়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র ছিল। সাতটি গম্বুজ থাকার কারণে এই মসজিদের নামকরণ করা হয়েছে “সাত গম্বুজ মসজিদ”।

স্থাপত্যের বৈশিষ্ট্য

সাত গম্বুজ মসজিদের স্থাপত্যে মুঘল রীতি ও শৈল্পিক সৌন্দর্যের মিশ্রণ দেখা যায়। মসজিদটির তিনটি প্রবেশপথ এবং সাতটি আধা গোলাকৃতি গম্বুজ রয়েছে। মূল কাঠামো ইটের তৈরি, এবং বাইরের দেয়ালগুলো জাফরি খোদাই করা। মসজিদের চারপাশে বাগান এবং খোলা স্থান রয়েছে, যা একে একটি নান্দনিক পরিবেশ প্রদান করে। মসজিদের অভ্যন্তরে ঝুলন্ত ঝাড়বাতি, খোদাই করা মিহরাব এবং কারুকাজ করা ছাদের ডিজাইন এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

পর্যটকদের জন্য আকর্ষণ

ঢাকার ভ্রমণপিপাসুদের জন্য সাত গম্বুজ মসজিদ একটি জনপ্রিয় গন্তব্য। এর অবস্থান মোহাম্মদপুরের কেন্দ্রস্থলে হওয়ায় এটি সহজেই পৌঁছানো যায়। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা মসজিদের স্থাপত্য, ইতিহাস এবং শান্ত পরিবেশে আকৃষ্ট হন।

ফটোগ্রাফি:

সাত গম্বুজ মসজিদ ফটোগ্রাফারদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এর দৃষ্টিনন্দন গম্বুজ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছবিতে অসাধারণভাবে ফুটে ওঠে। বিশেষ করে সূর্যাস্তের সময় মসজিদের গম্বুজে সূর্যের আলো পড়ে যা এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে।

ইতিহাস ও শিক্ষামূলক ভ্রমণ:

এটি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা সফরের স্থান। মুঘল স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে মসজিদটি একটি গুরুত্বপূর্ণ উৎস।

ধর্মীয় পরিবেশ:

মুসলমানদের জন্য এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, বরং নামাজ পড়ার জন্যও ব্যবহৃত হয়। বিশেষত রমজান মাসে এখানে একটি বিশেষ পরিবেশ সৃষ্টি হয়।

কীভাবে যাবেন?

মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত সাত গম্বুজ মসজিদে যাতায়াত খুবই সহজ। ঢাকা শহরের যেকোনো জায়গা থেকে রিকশা, সিএনজি, বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে সহজেই পৌঁছানো যায়। এছাড়াও, ঢাকা মেট্রো রেল চালু হওয়ার পর, মসজিদে আসা আরও সুবিধাজনক হয়েছে। মসজিদের কাছাকাছি কিছু প্রধান রোড হল মোহাম্মদপুর টাউন হল এবং বসিলা সড়ক।

ভ্রমণের সময়

সাত গম্বুজ মসজিদ ভ্রমণের জন্য সারা বছরই উন্মুক্ত। তবে শীতকাল বিশেষভাবে আরামদায়ক, কারণ এসময় ও এর আশপাশের আবহাওয়া ঠান্ডা এবং মনোরম থাকে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • মসজিদটি প্রতিদিন খোলা থাকে।
  • ভ্রমণ করার সেরা সময়: সকাল বা বিকেল।
  • প্রবেশ ফি নেই, তবে দান করা যেতে পারে।

আশপাশের আকর্ষণীয় স্থান

সাত গম্বুজ মসজিদের আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো একই দিনে ঘুরে দেখা যেতে পারে। যেমন:

  1. লালবাগ কেল্লা: মুঘল আমলের একটি বিখ্যাত স্থাপত্য।
  2. ঢাকা উদ্যান: প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি স্থান।
  3. বসিলা ব্রিজ: নদীর ওপরে একটি চমৎকার ব্রিজ যা স্থানীয়দের কাছে জনপ্রিয়।

ভ্রমণ টিপস

  1. পরিচ্ছন্নতা বজায় রাখুন: মসজিদের ভেতর ও বাইরের পরিবেশ পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ।
  2. উপযুক্ত পোশাক পরিধান করুন: মসজিদ পরিদর্শনের সময় ধর্মীয় শিষ্টাচার মেনে চলা উচিত।
  3. স্থানীয়দের সম্মান করুন: ছবি তোলার সময় স্থানীয় মানুষদের অনুমতি নিন।
  4. প্রচুর সময় নিন: মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পর্যাপ্ত সময় রাখুন।

উপসংহার

সাত গম্বুজ মসজিদ শুধুমাত্র একটি ঐতিহাসিক মসজিদ নয়; এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। মোহাম্মদপুরের এই স্থাপনাটি প্রাচীন মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবে শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্য নয়, বরং পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ ও মনোমুগ্ধকর স্থান। বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এই মসজিদটি অবশ্যই ভ্রমণের তালিকায় রাখা উচিত।

মানচিত্র

গুগলের মানচিত্রে সাত গম্বুজ মসজিদ।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: গম্বুজ, মসজিদ, সাত, সাত গম্বুজ, সাত গম্বুজ মসজিদ

সোহরাওয়ার্দী উদ্যান

January 6, 2025 by আতিকুর রহমান

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান, যা একসময় রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের এক অনন্য নিদর্শন। ৬৮ একরের বেশি বিস্তৃত এই উদ্যান শুধু একটি সবুজ চত্বর নয়, বরং এটি একাধারে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং বাঙালির জাতীয় চেতনার প্রতীক। ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের কালপর্বে এই ময়দানেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়েছিল।

ইতিহাসের ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী উদ্যান

সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস বহু পুরোনো। মোগল আমলে এটি মূলত শিকার করার স্থান হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে এখানে রেসকোর্স ময়দান গড়ে তোলা হয়, যা ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত ছিল। পরবর্তীতে, পাকিস্তান আমলে এটি রাজনৈতিক আন্দোলন এবং সভা-সমিতির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, এই ময়দানেই পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এটি ছিল বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের এক চূড়ান্ত বিজয়। ১৯৯৭ সালে, উদ্যানটির নাম পরিবর্তন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে রাখা হয়, যিনি ছিলেন এক প্রখ্যাত রাজনীতিবিদ ও গণতন্ত্রের প্রবক্তা।

উদ্যানের স্থাপত্য ও বৈশিষ্ট্য

সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রে অবস্থিত জাতীয় স্মৃতি স্তম্ভ মুক্তিযুদ্ধের বিজয়কে চিহ্নিত করে। এখানে একটি বড় উন্মুক্ত চত্বর রয়েছে, যেখানে বিভিন্ন সময়ে গণজমায়েত, কনসার্ট, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্যানের ভেতরে রয়েছে সুন্দর সবুজ ঘাসের প্রান্তর, ছায়াময় গাছ, এবং পাখির কূজন। এই উদ্যান শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য আদর্শ স্থান।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন

এছাড়াও, উদ্যানের ভেতরে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে মুক্তিযুদ্ধের নানা দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র এবং অন্যান্য স্মারক সংরক্ষিত রয়েছে।

মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ

সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ

সোহরাওয়ার্দী উদ্যান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্নে সমৃদ্ধ। এখানে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রস্থলে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ, যা ১৬ই ডিসেম্বরের আত্মসমর্পণের দৃশ্যপটকে চিত্রিত করে। মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ আমাদের গৌরবময় স্বাধীনতার এক অনন্য স্মারক ও বিজয়ের প্রতীক, যা জাতির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে এটি জাতীয় শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দু। এছাড়াও স্তম্ভটির আশপাশের পরিবেশ এবং এর সঙ্গে যুক্ত মুক্তমঞ্চ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে সহায়ক। সোহরাওয়ার্দী উদ্যান ভ্রমণে এই স্তম্ভটি জাতীয় গৌরব ও ইতিহাসের অন্যতম আকর্ষণ।

স্বাধীনতা জাদুঘর

সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রস্থলে অবস্থিত ‘স্বাধীনতা জাদুঘর’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের এক অমূল্য স্মারক। এই জাদুঘরটি আমাদের জাতীয় সংগ্রামের চেতনাকে ধারণ করে। এটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার জন্য জাতির আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। জাদুঘরটির স্থাপত্যশৈলী এবং অভ্যন্তরের সাজসজ্জা স্বাধীনতার গল্প বলার এক অনন্য মাধ্যম। এখানে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি, ঐতিহাসিক দলিল, ভিডিও ক্লিপস এবং বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে নিয়ে যায়।

স্বাধীনতা জাদুঘর
স্বাধীনতা জাদুঘর

বিশেষ করে, মুক্তিযুদ্ধের সময়কার ঘটনার প্রতিচ্ছবি এবং স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত দলিল দেখে যে কেউ অনুপ্রাণিত হতে বাধ্য। এটি শুধু জাদুঘর নয়, বরং একটি আবেগঘন স্থান, যেখানে দর্শনার্থীরা স্বাধীনতার সংগ্রামকে অনুভব করতে পারেন। সোহরাওয়ার্দী উদ্যান ভ্রমণে ‘স্বাধীনতা জাদুঘর’ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জাতীয় গৌরবের প্রতীক এবং আমাদের ইতিহাসের এক মর্মস্পর্শী শিক্ষা। সোহরাওয়ার্দী উদ্যান ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ এই জাদুঘর।

শিখা চিরন্তন

সোহরাওয়ার্দী উদ্যানের - শিখা চিরন্তন
সোহরাওয়ার্দী উদ্যানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শিখা চিরন্তন

সোহরাওয়ার্দী উদ্যানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো শিখা চিরন্তন। এটি একটি শিখা, যা চিরকাল প্রজ্বলিত থাকে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের প্রতীক। শিখা চিরন্তন স্থাপন করা হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে। এর চারপাশে তৈরি করা হয়েছে একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে দর্শনার্থীরা শ্রদ্ধা জানাতে আসেন। শিখা চিরন্তন মুক্তিযুদ্ধের চেতনা ও গৌরবের এক উজ্জ্বল প্রতীক।

ভ্রমণ ও দর্শনীয় স্থান

সোহরাওয়ার্দী উদ্যান ভ্রমণপিপাসুদের জন্য একটি আদর্শ স্থান। উদ্যানটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব ভ্রমণকারীদের মুগ্ধ করে। এখানে বসে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানো যায়। উদ্যানের ভেতরে রয়েছে অনেক বেঞ্চ এবং পথচারীদের জন্য হাঁটার রাস্তা। উদ্যান সংলগ্ন এলাকায় রয়েছে জাতীয় জাদুঘর এবং শাহবাগ বইমেলার স্থান, যা দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয়।

পর্যটকরা উদ্যানের সবুজ প্রকৃতির মাঝে বসে ছবি তোলা, পিকনিক করা, এবং মুক্ত বাতাসে সময় কাটানোর জন্য এখানে আসেন। সন্ধ্যায় উদ্যানের আলোকসজ্জা এক বিশেষ আকর্ষণ তৈরি করে। বিশেষ করে শীতকালে এখানে ভ্রমণকারীদের ভিড় বেশি দেখা যায়।

সমাজ ও সংস্কৃতিতে প্রভাব

সোহরাওয়ার্দী উদ্যান শুধু ইতিহাসের অংশ নয়, এটি ঢাকার নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়। উদ্যানটি মানুষের বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর একটি মাধ্যম হিসেবে কাজ করে।

বর্তমান সময়ে সোহরাওয়ার্দী উদ্যান

বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান ঢাকার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতিদিন এখানে হাজারো মানুষ ভ্রমণে আসেন। এটি একটি পরিবেশবান্ধব উদ্যান, যেখানে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। উদ্যানের উন্নয়নে নিয়মিত কাজ করা হচ্ছে, এবং এটি একটি আধুনিক নগর উদ্যান হিসেবে গড়ে উঠছে।

সমস্যা ও চ্যালেঞ্জ

দুঃখজনক হলেও সত্য, শহরের কেন্দ্রে অবস্থিত এই মনোরম উদ্যানটি সব শ্রেণির মানুষের আকর্ষণ করতে পারেনি। সাধারণ মানুষের দূরে থাকা অন্যতম একটি কারণ পার্ক সংলগ্ন এলাকায় কিছু ভবঘুড়ে,  ভাসমান মাদক সেবি, এবং দেহব্যবসায়ীদের উপস্থিতি, যা অনেকের নিরাপত্তাবোধে বিঘ্ন ঘটায়।

উপসংহার

সোহরাওয়ার্দী উদ্যান শুধু একটি উদ্যান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, এবং জাতীয় চেতনার এক জীবন্ত প্রতীক। এর প্রতিটি কোণে লুকিয়ে আছে বাঙালির সংগ্রামের গৌরবময় ইতিহাস। এই উদ্যান আমাদের জন্য শুধু বিশ্রাম নেওয়ার স্থান নয়, বরং এটি আমাদের অতীতকে জানতে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা অর্জনের এক অপূর্ব স্থান। সোহরাওয়ার্দী উদ্যান তাই যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে জায়গা করে থাকবে।

টিকিট এবং সময়সূচি

টিকিট:

স্বাধীনতা জাদুঘরের গ্যালারি পরিদর্শনের প্রবেশ মূল্য।

স্বাধীনতা জাদুঘরের গ্যালারি পরিদর্শনের প্রবেশ মূল্য
স্বাধীনতা জাদুঘরের গ্যালারি পরিদর্শনের প্রবেশ মূল্য
শ্রেণী প্রবেশ মূল্য
বাংলাদেশি নাগরিক ২০ (বিশ) টাকা
সার্কভুক্ত দেশের নাগরিক ৩০০ (তিনশত) টাকা
অন্যান্য বিদেশি নাগরিক ৫০০ (পাচশত) টাকা
১২ বছরের নিচে শিশু ১০ (দশ) টাকা
প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য প্রযোজ্য নয়

বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য কোন প্রকার টিকেট সংগ্রহ করার প্রয়োজন নেই।

সময়সূচি:

নিচে সোহরাওয়ার্দী উদ্যানের সময়সূচীটি টেবিল আকারে দেওয়া হলো:

দিন সময়
সোমবার ৫:০০ AM – ১০:৩০ PM
মঙ্গলবার ৫:০০ AM – ১০:৩০ PM
বুধবার ৫:০০ AM – ১০:৩০ PM
বৃহস্পতিবার ৫:০০ AM – ১০:৩০ PM
শুক্রবার ৫:০০ AM – ১০:৩০ PM
শনিবার ৫:০০ AM – ১০:৩০ PM
রবিবার ৫:০০ AM – ১০:৩০ PM

অন্যান্ন তথ্য

বিশেষ দ্রষ্টব্য: সোহরাওয়ার্দী উদ্যান সম্পের্কে আরও বস্তারিত তথ্য জানতে সরাসরি ঢাকা জেলার সরকারি ওয়েব সাইট ভিজিট করুন: দর্শনীয় স্থান: সোহরাওয়ার্দী উদ্যান

মানচিত্র

গুগলের মানচিত্রে সোহরাওয়ার্দী উদ্যান।

Filed Under: ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: রমনা, রমনা রেসকোর্স, রেসকোর্স, রেসকোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান

  • Page 1
  • Page 2
  • Page 3
  • Go to Next Page »

Primary Sidebar

জনপ্রিয় পোস্ট

সেরা পছন্দ

  • » বাংলাদেশের প্রতিটি জেলার ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান
  • » ভ্রমণের আগে করণীয় ১০টি গুরুত্বপূর্ণ কাজ: সঠিক প্রস্তুতির চেকলিস্ট
  • » ভ্রমণের আগে করণীয় ১০টি গুরুত্বপূর্ণ কাজ
  • » বাংলাদেশ: প্রকৃতি ও সংস্কৃতির অপার সৌন্দর্যের দেশ

সাম্প্রতিক পোস্ট

  • ঢাকা বিভাগ
  • বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা
  • বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, সীতাকুন্ড
  • রমনা পার্ক
  • দায়িত্বশীল ভ্রমণ টিপস: বর্জনীয় বিষয় সমূহ
  • খেলারাম দাতার কোঠা
  • বাংলাদেশের ১০টি আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন স্থান

Design

With an emphasis on typography, white space, and mobile-optimized design, your website will look absolutely breathtaking.

Learn more about design.

Footer

Content

Our team will teach you the art of writing audience-focused content that will help you achieve the success you truly deserve.

Learn more about content.

Strategy

We help creative entrepreneurs build their digital business by focusing on three key elements of a successful online platform.

Learn more about strategy.

কপিরাইট © ২০২৫ ট্রাভেলার আতিক, সর্বস্বত্ব সংরক্ষিত।

  • সম্পর্কিত
  • গোপনীয়তা
  • শর্তাবলী
  • যোগাযোগ
  • সাইটম্যাপ